নরসিংদীতে পোল্ট্রি শিল্প রক্ষায় খামারিদের প্রতিবাদ সভা
পোল্ট্রি শিল্প বাঁচাতে এবং প্রান্তিক খামারিদের রক্ষায় নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ (মেজু) সঞ্চালনায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় বাউফলের দুই সাংবাদিক কারাগারে
এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রান্তিক খামারি ও অ্যাসোসিয়েশনের নেতারা তাঁদের বক্তব্যে বলেন, পোল্ট্রি খাদ্য (ফিড), বাচ্চা ও ওষুধের আকাশচুম্বী দামের কারণে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, অথচ বাজারে ডিম ও মুরগির কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় তারা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাবের কারণে আজ পোল্ট্রি শিল্প ধ্বংসের পথে। সে সঙ্গে বক্তারা সরকারের কাছে আর্থিক সহায়তা ও বীমা এবং ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত প্রান্তিক খামারিদের জন্য স্বল্প সুদে ঋণ বা প্রণোদনা প্রদান এবং পোল্ট্রি বীমা চালু করার আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’ এবং ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’—এমন নানা দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
আরও পড়ুন: চরভদ্রাসনে এক বছরে কৃষিজমি বেড়েছে ২ হেক্টর
শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল রহমান বাংলাবাজার পত্রিকার প্রতিনিধিকে বলেন, পোল্ট্রি খাত দেশের খাদ্যনিরাপত্তা ও প্রাণিজ আমিষের অন্যতম প্রধান ভিত্তি। খামারিদের স্বার্থ রক্ষায় ও পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী মাহবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলার খামারি ও পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।





