রাজশাহীতে শুরু হলো আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর

Shahrier Islam Pallab
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৬ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দেশি-বিদেশি খেলোয়াড়দের রাজশাহীতে স্বাগত জানান। তারা বলেন, আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়েরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। তিনি বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন একটি মর্যাদাপূর্ণ বিষয়। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। বিভাগীয় কমিশনার আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস তৈরি করে। আন্তর্জাতিক পর্যায়ের এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: নান্দাইলে চোরাই মিনি ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে মহানগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। টুর্নামেন্টে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের যেকোনো প্রয়োজন ও সমস্যায় সিটি করপোরেশন পাশে থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, রাজশাহী টেনিস কমপ্লেক্স দীর্ঘদিন ধরে সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এবারের আসরেও বিদেশি খেলোয়াড় ও তাঁদের অভিভাবকদের স্বাগত জানান তিনি। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি খেলার এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী প্রায় ১০ বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। এ সময় তাঁকে কেক কেটে অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এই জুনিয়র টেনিস টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। তিনি টুর্নামেন্টের আয়োজক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, রাজশাহীতে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আনন্দের বিষয়। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি সফল হবে বলে আশা করেন তিনি। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা তাঁর বক্তব্যে টুর্নামেন্টের সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়জুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাঈদ। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। এছাড়াও রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, সদস্য সবুর আলী, টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা, খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন, যাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন এবং আয়োজকেরা মনে করছেন, এই প্রতিযোগিতা দেশের তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ করে দেবে।