সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্মৃতিসৌধের সামনে প্রতিবাদ

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে এবং প্রবাসীদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করার দাবিতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ কর্মসূচি থেকে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে জবাবদিহি দাবি করেন শ্রমিক নেতারা। একই সঙ্গে বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা, কনস্যুলার সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন: ভোলায় গণপিটুনিতে আসিফ হত্যা, আসামি ১১ জন

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, স্মৃতি ও নজরুল নামে দুই বাংলাদেশি সৌদি আরবে সাত মাস কারাগারে ছিলেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের জীবন রক্ষায় বাংলাদেশ দূতাবাস কী পদক্ষেপ নিয়েছিল এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল কি না, তা স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও বিপদের সময় তাঁরা যথাযথ সহযোগিতা পাচ্ছেন কি না, সেই প্রশ্নের জবাব দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিদেশে আটক বাংলাদেশিদের মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, আইনি সহায়তা এবং মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জীবন রক্ষায় জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

আরও পড়ুন: রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক অপরাধের অভিযোগে অভিযুক্ত হলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। তবে ন্যায়বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা, দোভাষীর সুবিধা ও আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ থাকাও জরুরি। দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

কর্মসূচি থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদেশে আটক বাংলাদেশিদের কার্যকর কনস্যুলার সহায়তা, মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মামলায় বিশেষ নজরদারি, আইনি সহায়তা ও দোভাষীর ব্যবস্থা, দূতাবাসের কার্যক্রমে জবাবদিহি, মামলার অগ্রগতি পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থা চালু এবং প্রবাসীদের অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করা।

মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ঢাকা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, আশুলিয়া থানা সভাপতি মনসুর আলী, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা সভাপতি মাসুদ রানা সুলতান, নাইন স্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, মাসিহাতা সোয়েটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।