কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে ১২ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম জানান, বাবুবাজার এলাকার জমেলা টাওয়ারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে আগুনের কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।





