হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা
কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২ জানুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
আরও পড়ুন: বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ
ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো হাসনাত আবদুল্লাহর শাপলাকলি প্রতীকের একাধিক নির্বাচনী ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে আশপাশের আরও কয়েকটি স্থানে তার ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন: দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭, আহত ৬
ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





