থার্ড টার্মিনালের ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের ফ্লাইওভার থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চার সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন।
আরও পড়ুন: কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
দুর্ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ও আহতদের উদ্ধার করে আহত সদস্যদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।





