নির্বাচন কেন্দ্র করে যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য ঝুঁকি: আইজিপি
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই নিরাপত্তার জন্য ঝুঁকি বা থ্রেট হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া বিভিন্নভাবে অবৈধ অস্ত্র দেশের মধ্যে প্রবেশ করছে। তাই এসব মোকাবিলার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি
আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করে। এর প্রেক্ষিতে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোট গ্রহণ হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে উল্লেখ করে আইজিপি বলেন, এবার নিরাপত্তার রক্ষার্থে প্রযুক্তির ব্যবহারে উদ্যোগ নেয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়া পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করা হবে।





