প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
রাজধানীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি জানাজানি হলে ছেলেটির বাবা, যিনি সচিবালয়ের একজন কর্মচারী, প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি
পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪–৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই সূত্র ধরে পুলিশ কৌশলে যোগাযোগ শুরু করে। টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





