ঢাকায় অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৩৮ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলিত করতে ঢাকার অভ্যন্তরে অবস্থিত অনুমোদনহীন আন্তঃজেলা নাইট কোচ কাউন্টারগুলো অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা জারির পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টারগুলো সংশ্লিষ্ট মালিকদের নিজ উদ্যোগে সরিয়ে নিতে হবে।

আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি

এতে আরও উল্লেখ করা হয়, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ বাস টার্মিনাল—এই তিনটি নির্ধারিত টার্মিনাল ছাড়া মহানগরীর অন্য কোথাও নাইট কোচের কাউন্টার পরিচালনা, যানবাহন পার্কিং বা যাত্রী ওঠানামা করানো যাবে না।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর আওতায় মোবাইল কোর্ট বা সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দোষীদের কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ডিএমপি।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

ডিএমপির মতে, রাজধানীতে অনুমোদনহীনভাবে বাস কাউন্টার স্থাপন এবং যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা রাতের বেলাতেও অব্যাহত থাকে। নগরবাসীর ভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিক এবং নাগরিকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।