পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের
দেশে পুলিশিং কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে একাধিক কল্যাণমূলক উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে অতিরিক্ত কর্মঘণ্টার বিপরীতে ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা এবং অবসরকালীন বিশেষ পদোন্নতির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর আগে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন: রাব্বানীর ভাই ও বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, কনস্টেবল থেকে পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসাসেবার জন্য নতুন হাসপাতাল নির্মাণ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: রংপুর ও বরিশাল রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতনে ব্যাপক রদবদল
এছাড়া বিভিন্ন ইউনিটে আবাসন সংকট নিরসনে ভূমি অধিগ্রহণ ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।
দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া সদস্যদের মনোবল বাড়াতে ‘অনারারি পদোন্নতি’ চালুর ঘোষণাও আসে সভা থেকে। সন্তোষজনক চাকরির রেকর্ডের ভিত্তিতে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে শুরু হওয়া পুলিশ সপ্তাহ-২০২৬ আগামী ১৩ মে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং পেশাদারিত্ব বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি থাকা ওভারটাইম ভাতা চালুর উদ্যোগ পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাহিনীর কর্মোদ্যম বাড়াতে সহায়ক হবে।





