সঙ্গীদের আসা-যাওয়ার মধ্যে তাওহিদের দুর্দান্ত সেঞ্চুরি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়। সতীর্থরা একের পর এক উইকেট হারালেও দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।
জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেকটা সুখকর ছিল না হৃদয়ের। সেই ম্যাচে বাংলাদেশ হারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও ভালো করতে পারেননি তিনি। তবে এরপর দক্ষিণ আফ্রিকায় সাদা পোশাকে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই ব্যাটার। সেই পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে ডাক পান তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের জায়গাটিকে আরও উজ্জ্বল করলেন হৃদয়।
আরও পড়ুন: সিলেট টেস্টে দলকে একাই টেনে তুলছেন তাওহিদ হৃদয়
সিলেটের উইকেটে ব্যাটিং করা খুব কঠিন না হলেও সতীর্থদের নিয়মিত উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। এরপর লিটন দাসও ক্যাচ দিয়ে বিদায় নেন।
একপর্যায়ে ১৩৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার সুযোগ ছিল মেহেদী হাসান মিরাজের সামনে। কিন্তু ১৬ রান করে রস্টন চেজের শিকার হন তিনি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হাসান মাহমুদও।
আরও পড়ুন: ২৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
একপ্রান্তে যখন উইকেটের মিছিল চলছিল, তখন অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং চালিয়ে যান হৃদয়। ইনিংসের শেষ ভাগে আরও দায়িত্বশীল হয়ে ওঠেন তিনি। সঙ্গী তাইজুল ইসলাম একাধিকবার সিঙ্গেল নেওয়ার আহ্বান জানালেও স্বীকৃত ব্যাটার হিসেবে নিজের দায়িত্ব বুঝে স্ট্রাইক ধরে রাখেন হৃদয়।
ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত তিন অঙ্কের ঘরে পৌঁছে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন এই ব্যাটার।
হৃদয়ের সেঞ্চুরির পরপরই সেশনের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের চেয়ে এখনও ১৫১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।





