পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন, ক্রীড়ায় সাফল্যের বার্তা আইজিপির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ পুলিশ। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুলিশের ক্রীড়া অর্জনের ঐতিহ্য আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই বিভিন্ন ক্রীড়া কার্যক্রম জোরদার করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি

আইজিপি বলেন, পুলিশিং একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী এবং দায়িত্ব পালনে সক্ষম করে তোলে।

তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। এতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ফাইনালে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে চট্টগ্রাম রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট রেঞ্জ।

প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের খেলোয়াড় জীবন ম্যান অব দ্য ম্যাচ এবং আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলা শেষে আইজিপি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এর আগে আইজিপি পূর্বাচলের পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন পিওএইচএস গ্রিন মার্ট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।