রোমান্টিক ও বিধ্বংসী দুই রূপে শাহরুখ খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ৬১তম জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। গানটিতে একদিকে উঠে এসেছে শাহরুখের রোমান্টিক রূপ, অন্যদিকে দেখা মিলেছে ভয়ংকর এক অ্যাকশন অবতারের। ফলে প্রথম গান প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

২ নভেম্বর মধ্যরাতে শাহরুখের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করা হয়। এতে শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। মনোরম পরিবেশে দুজনের প্রেমের মুহূর্তের পাশাপাশি গানজুড়ে রয়েছে মারামারি, রক্তাক্ত সংঘর্ষ ও অপরাধজগতের নানা দৃশ্য। সব মিলিয়ে রোমান্স ও অ্যাকশনের মিশেলে তৈরি হয়েছে গানটি।

আরও পড়ুন: বড়পর্দায় আসছে 'সোজন বাদিয়ার ঘাট'

গানের শুরুতেই শাহরুখের সংলাপ, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা…’। এরপর পর্দায় ফুটে ওঠে শাহরুখ ও দীপিকার রসায়ন। কখনো প্রাকৃতিক পরিবেশে, আবার কখনো একান্ত মুহূর্তে দেখা যায় এই জুটিকে। বিশেষ করে ছোট কালো চুলের নতুন লুকে শাহরুখের উপস্থিতি নজর কেড়েছে।

তবে রোমান্টিক আবহের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। সামনে আসে শাহরুখের ভয়ংকর রূপ। লবণ-গোলমরিচ রঙের চুল, রক্তাক্ত মুখ ও বিধ্বংসী মেজাজে একাধিক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় তাকে। পেছনে জ্বলতে থাকা আগুন এবং একের পর এক অ্যাকশন দৃশ্যে উঠে এসেছে তার চরিত্রের অন্ধকার দিক। এসব দৃশ্য থেকে অপরাধজগত ও চোরাচালানের সঙ্গে চরিত্রটির সংশ্লিষ্টতার আভাস পাওয়া যায়।

আরও পড়ুন: আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

গানের শেষ দিকে শাহরুখের আরেকটি সংলাপও আলোচনায় এসেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘পার ইস বার দিল মে আগ লাগি হ্যায়, আব দুনিয়া জালায়ে বিনা মানেগা নেহি।’ সংলাপটির মধ্য দিয়ে চরিত্রটির প্রতিশোধপরায়ণ ও বিধ্বংসী মনোভাবের ইঙ্গিত পাওয়া যায়।

‘তু মিল যায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। গানটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরানের র‍্যাপ। ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের এই সমন্বয় গানটিকে ঘিরে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এর আগে গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করেছিল নির্মাতা প্রতিষ্ঠান। এবার ৬১তম জন্মদিনে সামনে এল সিনেমাটির প্রথম গান। যদিও ভক্তদের প্রত্যাশা ছিল টিজার কিংবা ট্রেলার প্রকাশের, তবে গান দিয়েই নতুন চমক দিয়েছেন নির্মাতারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গানেই শাহরুখের রোমান্টিক ও বিধ্বংসী দুই রূপের ঝলক দেখে এবার বড় পর্দায় ‘কিং’-এর রাজত্ব দেখার অপেক্ষায় ভক্তরা।