জানুয়ারিতে কার্যকর

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৪০ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন বেতন কার্যকর করার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলেও জানিয়েছেন বোর্ডের প্রতিনিধিরা।

বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

আরও পড়ুন: প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জে বিঘ্নের শঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা

তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উভয় পক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি ও প্রস্তাব লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করা হবে। জানুয়ারি থেকে নতুন বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে।

উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি নির্ধারণের বিষয়ে সরকার কাজ করছে।

আরও পড়ুন: সৈয়দ আজাদ সুবহানী নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরির সুপারিশ করা হবে।

মালিকপক্ষের প্রতিনিধি জানান, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।