বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সামাজিক কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা’র উদ্যোগে আজ সোমবার (০৫-০১-২০২৬) গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত নাবিক আবাসিক এলাকায় আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বিএন লেডিস ক্লাব ঢাকা; চেয়ারম্যান, বিএনএফডব্লিউএ ঢাকা; বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ; কমান্ডার, ঢাকা নৌ অঞ্চল; এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেন। সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট উপস্থিত নারী-পুরুষদের খোঁজখবর নেন এবং শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। বিএনএফডব্লিউএর এ ধরনের উদ্যোগ বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমও নিয়মিত পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তা এবং অন্যান্য মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





