প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে প্রশ্নফাঁসের ছক, রাজধানী ও টাঙ্গাইল থেকে আটক ২

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা নস্যাৎ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক অভিযানে রাজধানী ঢাকা ও টাঙ্গাইল থেকে একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে মাহবুব নামে এক ব্যক্তিকে যৌথ বাহিনী আটক করে। পরে রাত আনুমানিক ২টার দিকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসন্ন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ, সবুজ নগর গড়ার আহ্বান

এর আগে একই দিনে রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ আধুনিক ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

উল্লেখ্য, আজ শুক্রবার (৯ জানুয়ারি) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।