নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল
বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট নিয়ে খেলার মাঠে নেমেছে উপজেলা যুবদল। গ্রামীণ জনপদে খেলাধুলার প্রতি যুবক ও তরুণদের আগ্রহ বাড়ছে। ফুটবল টুর্নামেন্ট ঘিরে চাঙা হয়ে উঠছে খেলার মাঠ। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার উদ্যোগের ইতিবাচক প্রশংসা কুড়াচ্ছে যুবদল।
গত (১লা নভেম্বর) শনিবার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সংগঠক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।
আরও পড়ুন: জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের দায়িত্ব গ্রহণ
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। টুর্নামেন্ট তদারকি করছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা আকন্দ।
মাদক বিরোধী ও প্রবাসী গোল্ডকাপ উদ্বোধনী ম্যাচে পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবদল নেতাকর্মীর পাশাপাশি খেলায় অংশ নেয় তরুণ প্রজন্ম। নন্দীগ্রাম ৩নং ওয়ার্ডের মাঝগ্রাম একাদশকে ০-১ গোলে পরাজিত করে ৮নং ওয়ার্ডের দাঁড়িয়াপুর একাদশ।
এতে মাদক মুক্ত সমাজ বিনির্মানে দায়িত্বশীল নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। যুবক ও তরুণ সমাজকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নন্দীগ্রাম উপজেলা যুবদলের পক্ষ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা হারুন অর রশিদ, আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, গোলাপ আকন্দ, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





