শিক্ষার্থীরা সরে গেলেও সাতরাস্তা এলাকায় যানজট কমেনি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার সড়ক অবরোধ শেষ হলেও তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল শুরু হলেও দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় যানজট পুরোপুরি কাটেনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে শুরু হয়। তবে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্ট অতিরিক্ত গাড়ির চাপে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন: বনানীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আটক, উদ্ধার ৭০টি মশাল

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তিনি বলেন, সাতরাস্তা মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট। অবরোধের কারণে বিজয়নগরসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সরে গেলেও দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় যানবাহনের বড় চাপ তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

আরও পড়ুন: মিরপুর-১১ নম্বরে গুলিবিদ্ধ বিএনপি নেতা, আহত পথচারী নারীও

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দীর্ঘদিনের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে বিকেলের দিকে ট্রাফিক পুলিশের মধ্যস্থতায় শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।