চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
চাঁদাবাজি ও গণছিনতাই রোধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে গেছে।
আরও পড়ুন: সবুজবাগে অজ্ঞাত নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে এক এমব্রয়ডারি কারখানার মালিক ও কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়লে বিচার দাবি করে থানা ঘেরাও করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
রাত ১টার দিকেও থানা প্রাঙ্গণে বিক্ষোভ চলছিল। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে ডিএসসিসির ৫০০ গাছের চারা রোপণ, সবুজ নগর গড়ার আহ্বান
বিষয়টি নিয়ে শনিবার রাতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মোহাম্মদপুরের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের ওপর হামলার ঘটনাটি তদন্ত করছে পুলিশ। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।





