রাজধানীর নয়াবাজারে যুবদল নেতাকে গুলি করে আহত
রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাসেল (৩১) নামে যুবদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য এবং শ্যামপুরের আরসিং গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
রাসেলের বন্ধু রিপন দাস জানান, রাতের দিকে নয়াবাজার পার্ক এলাকায় অবস্থানকালে হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। হামলাকারীরা এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়েছিল এবং তার বুকের বাম পাশে আঘাত ছিল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
ঘটনার পর নয়াবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।





