বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত, প্রস্তুতি ও জরুরি সক্ষমতা যাচাই করলেন চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে একটি আকস্মিক ‘ফায়ার অ্যালার্ম ড্রিল’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি-এর নির্দেশনায় এ মহড়ার আয়োজন করা হয়।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী
মহড়ার অংশ হিসেবে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বাজানো হলে সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নিরাপদ ‘অ্যাসেম্বলি পয়েন্ট’-এ সরে যান। এতে ভবনের জরুরি নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপণ সক্ষমতা এবং জনবল প্রস্তুতি বাস্তবসম্মতভাবে যাচাই করা হয়।
মহড়ার সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের পরিস্থিতি ও সে অনুযায়ী অগ্নিনির্বাপক যন্ত্র (এক্সটিংগুইশার) ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় ও বর্জনীয় বিষয়ে তাৎক্ষণিক দিকনির্দেশনাও প্রদান করা হয়।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
মহড়া শেষে বেবিচক চেয়ারম্যান বলেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আকস্মিক ড্রিলের মাধ্যমে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা কার্যকরভাবে যাচাই করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মহড়া নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্দেশনা অনুযায়ী ভবন ত্যাগ, উদ্ধার কার্যক্রম এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আকস্মিক ও বাস্তবভিত্তিক মহড়া বেবিচকের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সহায়তা করবে।





