মারা যাওয়া নবজাতকদের বয়স ছিল মাত্র ১ থেকে ২ দিন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন। বুধবার (২৭ মে) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, যে পোস্ট অপারেটিভ রুমে ঘটনাটি ঘটেছে সেখানে ছয় নবজাতক ও ১১ জন মা ছিলেন।
আরও পড়ুন: ঢাকাজুড়ে কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত সিটি করপোরেশনের কর্মীরা
আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার সকাল ছয়টার দিকে দায়িত্বরত নার্স শিশুদের অসুস্থ অবস্থায় দেখতে পান। মায়েদের কাছ থেকেও একই অভিযোগ পাওয়া যায়। পরে দ্রুত শিশুদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়।
তিনি বলেন, “এনআইসিইউতে নেওয়ার পর দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারটি শিশুর অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তাদের ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।”
আরও পড়ুন: রাজধানীজুড়ে ঈদুল আজহার উৎসব, কোরবানিতে ব্যস্ত নগরবাসী
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি জানান, রুমে থাকা এক মা ঠান্ডা অনুভব করায় এসি বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।
ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, পরে গরম অনুভূত হলে আবার এসি চালু করা হয়। এর কিছু সময় পর দুই শিশু অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে বাকি চার শিশুও অসুস্থ হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ শুরু করেছে। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে বলে জানিয়েছে পুলিশ।





