অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার
অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে ঘটনার দৃশ্য প্রকাশ্যে এলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কার্যালয়ে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামে একজন তাকে মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় আব্দুল আজিজ ‘বাচ্চু, বাচ্চু’ বলে চিৎকার করলে আরেক ব্যক্তি কক্ষে প্রবেশের চেষ্টা করেন। তবে লিটুর সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে স্বাক্ষর নেওয়া চেক ও স্ট্যাম্প হাতে নিয়ে ছবি তোলার ঘটনাও ফুটেজে দেখা যায়।
আরও পড়ুন: বিসিক বর্ষা মেলা-২০২৬ উদ্বোধন, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে পাঁচ দিনের আয়োজন
ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তিনি তা বিক্রিও করেছেন। এছাড়া প্রতিষ্ঠানের কাছে তার কোনো পাওনা নেই—এ মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু দীর্ঘদিন ধরে তার কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল আজিজের ভাষ্য অনুযায়ী, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটু তার কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন। পরে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
আরও পড়ুন: উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজের জরুরি অবতরণ
তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যাংককে লিখিতভাবে বিষয়টি জানিয়ে চেকগুলোর বিষয়ে অভিযোগ করেন। ফলে ওই চেকের মাধ্যমে কোনো অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি। পরে আদালতে নালিশি মামলা দায়ের করলে গত বৃহস্পতিবার আদালত সেটিকে এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। সিসিটিভি ফুটেজ তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলেও স্বীকার করেন।
অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান লিটু দাবি করেন, সেদিন কার্যালয়ে যারা গিয়েছিলেন, তারা সবাই প্রতিষ্ঠানের পরিচালক। তার অভিযোগ, আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, আব্দুল আজিজ শনিবার রাতে থানায় এসে আদালতে মামলা করার বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন। আদালতের আদেশের কপি রোববার থানায় পৌঁছানোর কথা রয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।





