ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৫৩ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তানভীর আবেদীন (জুই) (৪১), মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।

আরও পড়ুন: ধানমন্ডিতে দুই প্রাইভেটকার চালকের মারামারি, আটক ২

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ধানমন্ডি থানাধীন ১২ নম্বর রোডের ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মো. খোরশেদ আলম (৫০) নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতি করে পালানোর চেষ্টা করে ৮ থেকে ১০ জনের একটি দল।

এ সময় ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য তানভীর আবেদীন (জুই) ও মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তানভীর আবেদীন (জুই)-এর দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোহাম্মদপুর-শ্যামলীতে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন করা হলো অবৈধ চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ

পরে গ্রেপ্তার মো. মজিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।