জীবননগরে মরক্কো জাতের হলুদ মাল্টা চাষে মাসুদের সাফল্য

Sadek Ali
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মাসুদ। মরক্কো জাতের হলুদ মাল্টা চাষ করে প্রথম বছরেই পেয়েছেন সাফল্যের দেখা। মাত্র ৮০ শতাংশ জমিতে প্রায় ২৩০টি গাছ লাগিয়ে এখন তিনি স্বপ্ন দেখছেন ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের। তাঁর ব্যতিক্রমী এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্বাদে, গন্ধে ও আকারে অনন্য মরক্কো জাতের হলুদ মাল্টা দেখতে প্রতিদিনই মাসুদের বাগানে ভিড় করছেন দূর-দূরান্তের দর্শনার্থী ও ফলপ্রেমীরা। বাগানের ফলের পাশাপাশি চারা সংগ্রহ করতেও আগ্রহ দেখাচ্ছেন অনেক তরুণ কৃষি উদ্যোক্তা।

জীবননগর উপজেলা ইতিমধ্যে ফল চাষের জন্য বিশেষ পরিচিতি অর্জন করেছে। পেয়ারা, আঙুর, মাল্টা, ড্রাগন, আনার ও রকমেলনসহ বিভিন্ন জাতের ফল চাষ করে এখানকার উদ্যোক্তারা সাফল্য পেয়েছেন। এসব ফলের বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এখান থেকে ফলের চারা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলেও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। ফল চাষের মাধ্যমে অনেক বেকার তরুণও স্বাবলম্বী হয়েছেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

এবার সেই সাফল্যের ধারায় নতুন মাত্রা যোগ করেছেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা মাসুদ। তাঁর বাগানে চাষ করা মরক্কো জাতের হলুদ মাল্টা ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মাসুদ জানান, তাঁর ৮০ শতাংশ জমিতে প্রায় ২৩০টি মরক্কো জাতের মাল্টা গাছ রয়েছে। গাছগুলোর বয়স দুই বছর ১০ মাস। এ পর্যন্ত বাগান তৈরিতে তাঁর খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। চলতি মৌসুমে ফল বিক্রি করে ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

তিনি আরও জানান, মরক্কো জাতের প্রতিটি মাল্টার ওজন প্রায় ৫০০ থেকে ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। গাছে প্রচুর পরিমাণে ফল ধরে। এ জাতের মাল্টা চাষে সাফল্য পাওয়ার পর তিনি এর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে বাগান থেকেই চারা বিক্রি শুরু করেছেন। আশপাশের গ্রাম ও শহর থেকে অনেক তরুণ উদ্যোক্তা তাঁর কাছ থেকে চারা সংগ্রহ করছেন। নিজের উদ্যোগ সম্পর্কে মাসুদ বলেন, এ বছর আমি মাস্টার্স পরীক্ষা শেষ করেছি। চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি। প্রথম বছরেই সফলতার মুখ দেখেছি। আমার বাগানের সাফল্য দেখে অনেকেই মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন। আশা করি, তাঁরাও এ চাষে সফল হবেন।

বাগান দেখতে আসা দর্শনার্থীরা জানান, নিজেদের এলাকায় এত বড় ও সুস্বাদু হলুদ মাল্টা উৎপাদন হচ্ছে, তা তাঁদের কাছে ছিল কল্পনাতীত। বাগানটি ঘুরে দেখতে এবং মাল্টার স্বাদ নিতে পেরে তাঁরা আনন্দিত। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে বলেও মনে করেন তাঁরা।

জীবননগর উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জীবননগর উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার আবাদ হয়েছে। উপজেলার আন্দুলবাড়ীয়া, কেডিকে, বাঁকা, উথলী ও রায়পুর ইউনিয়নে মাল্টার চাষ বেশি হয়েছে।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে জীবননগরে পুষ্টিকর বিদেশি ফল মাল্টা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে মাল্টার চাষ হয়েছে। আগামীতে এ আবাদ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ব্যাপকভাবে মাল্টা উৎপাদন করা সম্ভব হলে একদিকে যেমন আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।