শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে আবেগের কোনো স্থান নেই। রাষ্ট্রের প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ করাই সরকারের লক্ষ্য।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ের কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যেসব পদক্ষেপ নেওয়া হবে, সেগুলোও সম্পূর্ণ আইনসম্মতভাবে কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, ভারতের আদালত-সংক্রান্ত বিষয়টি দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে দুই দেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে প্রচলিত আইন অনুযায়ী আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা

ভারত শেখ হাসিনাকে বন্দি হিসেবে বিবেচনা না করে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারত কীভাবে তাকে বিবেচনা করছে, তাতে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হবে না। বাংলাদেশের আদালতে উন্মুক্ত বিচারিক প্রক্রিয়ায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। দেশের ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ব্যক্তি হিসেবেই বাংলাদেশের কাছে তার পরিচয়।