ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম
ভোর থেকে মুষলধারে বজ্রসহ বৃষ্টিতে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কিছু নিম্নাঞ্চল ও ঢালু সড়কে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও পানি দ্রুত অপসারণে ভোর থেকেই মাঠে কাজ করছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ও ইমার্জেন্সি রেসপন্স টিম।
ডিএসসিসি জানিয়েছে, ইমার্জেন্সি রেসপন্স টিম ও পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন এলাকায় সরেজমিনে কাজ করছেন। ড্রেনেজ লাইনের প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যক্রমও চালানো হচ্ছে। দ্রুত পানি সরিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন
সকাল থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছেন ডিএসসিসির প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাময়িক এই ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএসসিসি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
ডিএসসিসি জানিয়েছে, বৃষ্টির পর জলমগ্ন সড়কে চলাচলের সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে—
আরও পড়ুন: ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাস্তায় পড়ে থাকা বা ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার এবং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পোল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
জলমগ্ন সড়কে ম্যানহোল বা খোলা ড্রেনের গর্ত থাকতে পারে। তাই পথচারী ও চালকদের সাবধানে চলাচল করতে হবে।
জলাবদ্ধতা বা জরুরি কোনো তথ্য জানাতে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা যাবে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে।





