ঢাকার ৪ গুরুত্বপূর্ণস্থানে চোরা গুপ্তা ককটেল হামলায় আতঙ্ক তৈরি
রাজধানী ঢাকায় সোমবার (১০ নভেম্বর) সকালে চারটি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে সমন্বিতভাবে এই বিস্ফোরণগুলো ঘটানো হয়ে থাকতে পারে।
মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠিত সংস্থা প্রবর্তনা-এর সীমানার ভেতরে ও সামনের রাস্তায় দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল ৭টা ১০ মিনিটে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রবর্তনার ভেতরে একটি এবং বাইরে আরেকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
তিনি বলেন, “কেউ হতাহত হয়নি। আমরা তদন্ত করছি, কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে কাজ চলছে।”
আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ভোররাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, ভোর চারটার কিছু আগে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি ৯ নম্বরের ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকালে।
পুলিশ জানায়, সকাল ৬টা ৪৫ মিনিটে মাইডাস সেন্টারের সামনে এবং সকাল ৭টায় ইবনে সিনা হাসপাতালের সামনে অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা দুইটি করে ককটেল নিক্ষেপ করে।
তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ চারটি স্থানের ঘটনাকে সমন্বিত হামলা হিসেবে দেখছে এবং নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।





