দুর্নীতির ভয়াবহ ডকুমেন্ট পোড়ানোর চেষ্টা

পাঁচ লাখ টাকার কন্ট্রাক্টে প্রাথমিক শিক্ষার গোডাউনে আগুন, আটক ৩

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১১:১৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় বিপুলসংখ্যক ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) এবং মো. হুমায়ুন কবির খান (৫৯)।

আরও পড়ুন: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল আটক, পুলিশের নিকট হস্তান্তর

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণভাবে পুড়ে যায়, ২৯টি গুরুতর ক্ষতিগ্রস্ত এবং ৩৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ৪৫০টি ল্যাপটপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের ওপর সশস্ত্র হামলা: ‘কবজিকাটা আনোয়ার’ চক্রের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৬

এদিকে পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগুন লাগানোর ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে দুর্নীতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে নগদ অর্থের বিনিময়ে এবং প্রায় পাঁচ লাখ টাকার চুক্তিতে শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন লাগানো হতে পারে বলে জানা গেছে। ওই স্টোর রুমে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নিয়োগ ও কেনাকাটার গুরুত্বপূর্ণ ফাইল ও কম্পিউটার সংরক্ষিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূল পরিকল্পনাকারীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (২ মে) দুপুরে প্রথমে পরিচ্ছন্নতাকর্মী মো. আসমাউল ইসলামকে মিরপুর-২ এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে আগুন লাগানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।