বড়পর্দায় আসছে 'সোজন বাদিয়ার ঘাট'

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা সাহিত্যের কালজয়ী কবি জসীমউদ্দীনের অমর লোককাহিনি ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার উঠে আসছে বড়পর্দায়। নির্মাতা তানভীর মোকাম্মেলের পরিচালনায় নির্মিতব্য চলচ্চিত্রটির শুটিংয়ের প্রায় ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান, সম্পাদনায় মহাদেব শী এবং শিল্পনির্দেশনায় উত্তম গুহ। এ ছাড়া আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু। চলচ্চিত্রটির পোশাক পরিকল্পনা ও কাস্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন চিত্রলেখা গুহ।

আরও পড়ুন: বাবার পরিচালনায় প্রথমবার বড় পর্দায় ভাবনা

ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা, সন্দীপ মিস্ত্রী ও অপরাজিতা সংগীতা। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন হাসনা মওদুদ জসীমউদ্দীন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় দুই চরিত্র সোজন ও দুলীর ভূমিকায় অভিনয় করছেন তনয় বিশ্বাস ও রাদিফা নারমিন। তাদের শৈশবের চরিত্রে দেখা যাবে দিহান ও শ্রেয়া বৈদ্যকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহালনবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ্ উপমাসহ আরও অনেকে।

আরও পড়ুন: শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানী অভিনেত্রী

উল্লেখ্য, জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কাব্যগ্রন্থ। গ্রামীণ জীবন, প্রেম, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বাস্তবতার আবহে রচিত এ কাহিনি দীর্ঘদিন ধরেই পাঠকের কাছে সমাদৃত। এবার চলচ্চিত্রের মাধ্যমে সেই কালজয়ী কাহিনি নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন নির্মাতা তানভীর মোকাম্মেল।