দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আরও পড়ুন: চিনি-তেলের চাপে সংসার, মাছ-ডিমেও স্বস্তি নেই

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। আগের দামের তুলনায় এই মূল্য ৫ হাজার ৪৮২ টাকা বেশি। গতকাল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

আরও পড়ুন: সঞ্জীবন প্রকল্প ও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আশ্বাস

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে।