পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার পর এ নিয়ে দুই দফায় দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। প্রস্তাব চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসবে বোর্ড।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

আরও পড়ুন: এবার এক লাফে বাড়লো সোনার দাম

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেটি নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

তিনি বলেন, এ পর্যন্ত মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলের ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করেছে। বিশেষ করে ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কারখানাগুলো পরিদর্শন করে পাওয়া তথ্য-উপাত্ত বোর্ডের সভায় উপস্থাপন করা হয়েছে। শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রস্তাবও সভায় তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে আলোচনা চলছে। পরবর্তী বৈঠক আগামীকাল মঙ্গলবার হতে পারে।

মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় প্রস্তাবটি এখনই জানানো যাচ্ছে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যে মজুরি নির্ধারণ করবে, চূড়ান্তভাবে তা মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি বোর্ডের সব সিদ্ধান্তই শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। দেশের বিদ্যমান বাস্তবতা ও শ্রম আইন অনুযায়ী বিবেচ্য বিষয়গুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বেআইনি বা অবাস্তব কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের সক্ষমতা এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান। পাশাপাশি রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টিও আলোচনায় রয়েছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, সভায় মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। তবে সেটি চূড়ান্ত নয়। শ্রমিকপক্ষের কাছে প্রস্তাবটি যুক্তিসঙ্গত মনে হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।

তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের দায়িত্ব মজুরি বোর্ডের। এটি কোনো একক মালিক বা শ্রমিকের বিষয় নয়। তাই উৎপাদন বন্ধ রাখার পক্ষে কোনো শ্রমিক সংগঠন নয়। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তবে বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকেরা আন্দোলন করছেন।

শ্রমিকপক্ষের কাছে মালিকদের প্রস্তাব কম মনে হওয়ার বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’