বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চেক ডিজঅনারের একটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এমডি সায়েম সোবহান আনভীর, নঈম নিজাম এবং শাহেদ মুহাম্মদ আলী।
আরও পড়ুন: ২ কোটি লি. সয়াবিন তেল আনছে সরকার: টিসিবি বিক্রি করবে ১৭৯ টাকা
সোমবার (২৬ মে) বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন মজুমদার জানান, গত ২৬ মে মামলাটি দায়ের করা হয়েছিল এবং আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। কিন্তু গত রোববার (২৫ মে) আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল সকাল সন্ধ্যা ডট কমের প্রতিবেদক রাহেনুর ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে, রাহেনুর ইসলাম ২০০৯ সালের ১ জুলাই থেকে দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কাজ করতেন এবং ২০২৩ সালের ১৬ অক্টোবর পদত্যাগ করেন। পদত্যাগের পর তার দীর্ঘদিনের সার্ভিস বেনিফিট বাবদ পাওনা টাকা পরিশোধের জন্য তাকে ১০টি চেক দেওয়া হয়। এর মধ্যে দুটি চেক নগদায়ন হলেও বাকি আটটি চেকের মধ্যে এক লাখ ৯৬ হাজার ৭৮ টাকার দুটি চেক গত ২৩ মার্চ অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়।
আরও পড়ুন: তিন দফা বৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম
এরপর গত ৮ এপ্রিল রাহেনুর ইসলাম আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু তারা পাওনা টাকা পরিশোধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি মামলা দায়ের করতে বাধ্য হন।





