জানুয়ারিতে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহিত
২০২৬ সালের জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩.১৭ বিলিয়ন ডলার (৩১৭ কোটি ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এটি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা, যা দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এটি ২০২৫ সালের একই মাসের তুলনায় ৪৫.৪১ শতাংশ বেশি।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন: জেট ফুয়েলের দাম লিটারপ্রতি প্রায় ৯০ টাকা বৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে আসা রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই মাসের তুলনায় ৯৮ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের জানুয়ারিতে ২১৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
চলতি অর্থবছর ২০২৫–২৬ সালে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার বেশি।
আরও পড়ুন: ট্রাম্পের হামলা স্থগিতের পর বিশ্ববাজারে তেলের দামতে বড় পতন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ৩২৯ কোটি ডলার (৩.২৯ বিলিয়ন), যা ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদ কেন্দ্রিক সময়ে এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার। সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বরের রেমিট্যান্স ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার—আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।





