টেকসই প্রবৃদ্ধি ও শরী‘আহভিত্তিক ব্যাংকিং লক্ষ্য নিয়ে এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনসিসি ব্যাংক পিএলসি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন এবং শরী‘আহভিত্তিক ব্যাংকিংয়ে ধাপে ধাপে রূপান্তরের লক্ষ্যকে সামনে রেখে। ২০২৫ সালের ১৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের সামগ্রিক অগ্রগতি, চলমান রূপান্তর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
আরও পড়ুন: ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলমসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এনসিসি ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, গত ৩৩ বছরে ব্যাংকটি সুশাসন, গ্রাহকের আস্থা এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নানা চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে এবং বর্তমানে এটি একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি আরও জানান, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও শরী‘আহভিত্তিক সেবার বিস্তারে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা অনুষ্ঠিত
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে এনসিসি ব্যাংককে প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যাংকিং কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। তিনি বলেন, আমানত ও ঋণ প্রবৃদ্ধির পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং টেকসই অর্থনৈতিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী চার বছরের মধ্যে ব্যাংকটি ধীরে ধীরে সম্পূর্ণ শরী‘আহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এআই-ভিত্তিক ব্যক্তিকৃত ব্যাংকিং, বাংলা কিউআর পেমেন্ট, ভার্চুয়াল কার্ড এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের সেবা সম্প্রসারণের কাজ চলছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী ব্যাংকের অব্যাহত সাফল্য, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংক বিভিন্ন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে বিশেষ করে পরিবেশগত প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আয়বর্ধক কার্যক্রমে সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।





