বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর কিউ-ক্যাশের কার্ড-এটিএম সেবা চালু

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন কার্ড, এটিএমসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা আবার চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এসব সেবা স্বাভাবিক হয়।

কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) বিষয়টি জানিয়েছে। একইদিন এক বিজ্ঞপ্তিতে কিউ-ক্যাশের পক্ষ থেকে বলা হয়, তাদের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো কার্ডসহ অন্যান্য মাধ্যমে লেনদেন করতে পারবেন।

আরও পড়ুন: আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এটিএম, পিওএস মেশিন এবং কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যাহত হয়।

সেবা বন্ধ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে ২৮.৫ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার রাতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সেবাগুলো স্বাভাবিক হয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা এখন আবার কার্ড, এটিএম ও অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।