ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ
রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলনের সূচনা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না”সহ বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনের একপর্যায়ে উত্তেজিত ছাত্রীরা ক্যাম্পাসের গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
আরও পড়ুন: স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ছুটি ২১ দিন
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করেন এবং কলেজকে সব ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত রাখার দাবি তোলেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন শিক্ষার্থী প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেন। পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও পড়ুন: খেলোয়াড় হেনস্থা ও পক্ষপাতমূলক বিচারের ঘটনায় পাঁচ ছাত্র সংসদের তীব্র নিন্দা
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রভাব রাখা যাবে না।
জানা গেছে, সন্ধ্যার পর কলেজের গেটে লেখা “রাজনীতিমুক্ত ক্যাম্পাস” বাক্যটি রং দিয়ে মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জের ধরেই তারা আন্দোলনে নামেন।
শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও হলের ভেতরের পরিবেশ শান্ত ছিল বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।





