এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার সূচি ঘোষণা
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত পরীক্ষার রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত সূচিতে বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।
আরও পড়ুন: ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ, দেখে নিন সময়সূচি
রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি প্রথম পত্র এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষাও প্রকাশিত রুটিন অনুযায়ী নেওয়া হবে। সবশেষ ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই সময়সীমার মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর, শাখাপ্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ৫৫
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে, এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
ফল প্রকাশের দিনই অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক থেকে দুই মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেই ঘোষণার ধারাবাহিকতায় আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই সম্পূরক পরীক্ষা।





