ফলাফলে দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দাখিল পরীক্ষার ফলাফলে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে ঝালকাঠির এনএস কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির এবারকার অভাবনীয় সাফল্যে শিক্ষা অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৪২৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২২৭ জন জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। ফেল করেছে মাত্র একজন শিক্ষার্থী। পাসের হার দাঁড়িয়েছে ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ।

আরও পড়ুন: প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবি, ঢাবিতে সংবাদ সম্মেলন

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, “বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদরাসা দীর্ঘদিন ধরেই শৃঙ্খলা ও গুণগত শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে। এবারের ফলাফল আমাদের পরিশ্রমের স্বীকৃতি।”

তিনি আরও জানান, ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ হলেও গড় পাস ও জিপিএ-৫-এ এগিয়ে এনএস কামিল মাদরাসা, ফলে দেশসেরা হিসেবে বিবেচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন ডা. নজরুল ইসলাম

এদিকে ঝালকাঠির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলেও মিশ্র চিত্র দেখা গেছে।

জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “সমগ্র ঝালকাঠি জেলার পরীক্ষার ফলাফল এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে প্রাথমিকভাবে আমি সন্তুষ্ট নই। আজকেও একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সবার সাথে সমন্বয় করে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং যেসব প্রতিষ্ঠানে ফলাফল আশানুরূপ হয়নি, সেগুলোর শিক্ষাদান প্রক্রিয়ায় নজরদারি বাড়ানো হবে।”