গণ বিশ্ববিদ্যালয়: ভিপির ছাত্রদলে যোগদান, ব্যবস্থা গ্রহণের আহ্বান গকসুর

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। এ ঘটনায় তিনি ছাত্র সংসদের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়েছেন বলে দাবি করেছে সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। এর দায়ভার ছাত্র সংসদ নেবে না জানিয়ে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আহ্বান জানিয়েছেন তারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষায় বড় পরিবর্তন, নতুন রেগুলেশন প্রকাশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজে ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের যোগদানের খবর প্রচার করা হয়। ভিপি নিজেও বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেছেন। এরপর বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা ছাত্র সংসদের কাছে জানতে চান, এই সিদ্ধান্ত সংসদের মতামত বা অনুমোদনের ভিত্তিতে নেওয়া হয়েছে কি না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মত, ধর্ম ও আদর্শের শিক্ষার্থী অধ্যয়ন করেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ সবার প্রতি সমান সম্মান প্রদর্শনে বিশ্বাসী। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ব্যক্তিগতভাবে নিজস্ব রাজনৈতিক চর্চা করতে পারলেও ক্যাম্পাসের ভেতরে দলীয় রাজনৈতিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ানের রাজনৈতিক দলে যোগদান তার ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার, তবে গকসুর গঠনতন্ত্র অনুযায়ী এটি নিয়ম বহির্ভূত কাজ। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ছাত্র সংসদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করেননি; ফলে এই সিদ্ধান্তের দায়ভার কোনোভাবেই ছাত্র সংসদ বহন করবে না। এছাড়া, কোনো ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত বা দলীয় রাজনীতিতে সম্পৃক্ততা যেন ছাত্র সংসদকে কলঙ্কিত না করে, সে বিষয়েও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, ছাত্র সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।