ঈদের ছুটিতে নিরাপত্তা সংকটে ঢাবি: ছুরি হাতে হলে অনুপ্রবেশ, হল সংসদ সদস্য আহত
ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আবাসিক হলগুলো। এই সুযোগে ছুরি হাতে এক শিক্ষার্থীর অনুপ্রবেশের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঢাবির বিজয় একাত্তর হলে। সোমবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অভিযুক্ত মাহমুদুর রহমান ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। জহুরুল হক হল সংসদের ভিপি, জিএস ও আবাসিক শিক্ষকরা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: এসএসসি ২০২৬ এর প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটির কারণে হল ফাঁকা থাকায় মাহমুদুর রহমান ছুরি হাতে বিজয় একাত্তর হলে প্রবেশ করেন। তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কয়েকজন শিক্ষার্থী অনুসরণ শুরু করেন। পরে যমুনা ব্লকের অষ্টম তলায় হল সংসদের সদস্য সোলায়মান হোসেন রবি ও কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করার চেষ্টা করেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি সোলায়মান হোসেন রবির ওপর ছুরি দিয়ে হামলা করেন। এতে তার হাতে আঘাত লাগে। পরে ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।
আরও পড়ুন: চবি ছাত্রদলের সহ-সভাপতি হাবীবের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
আহত হল সংসদ সদস্য সোলায়মান হোসেন রবি বলেন,“আমি কক্ষ থেকে নিচে নামার পর কয়েকজন শিক্ষার্থী একজন বহিরাগত চোরের বিষয়ে অভিযোগ জানায়। হলের বিভাগীয় দোকানের ফারুক ভাই বলেন, লোকটি দুই-তিন ঘণ্টা ধরে বিভিন্ন কক্ষের সামনে ঘোরাঘুরি করছে। এরপর আমরা তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি। সে যমুনা ব্লকের ১১, ১০, ৯, ৮ ও ৭ তলার প্রতিটি কক্ষের সামনে গিয়ে উঁকিঝুঁকি দিচ্ছিল। পরে হলের নিরাপত্তাকর্মী রুবেল ও শিক্ষার্থী জাহিদকে নিয়ে তাকে ধরতে গেলে সে কোমরে থাকা ছুরি দিয়ে আক্রমণ করে, এতে আমার হাতে আঘাত লাগে।”পরে ধস্তাধস্তির একপর্যায়ে শিক্ষার্থীরা তাকে নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল এবং জহুরুল হক হল সংসদের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনার পর ঈদের ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।





