৭ জুন শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা, এবার ১১ বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্র

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫২ পূর্বাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলতি বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এবং প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ তারিখ চূড়ান্ত করা হবে এবং আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। অনুমোদন মিললে দ্রুতই চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।

আরও পড়ুন: স্কুল-কলেজ খুলছে আজ, মানতে হবে যে নতুন নির্দেশনা

এদিকে, এবারের পরীক্ষায় বড় পরিবর্তন হিসেবে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও এবার সব মিলিয়ে ১১টি বোর্ডেই একক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার মান ও মূল্যায়নে আরও স্বচ্ছতা ও সমতা নিশ্চিত হবে।