জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবি জকসুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: এসএসসি উত্তরপত্র পাঠাতে নতুন নির্দেশনা
মানববন্ধন কর্মসূচিতে জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচার প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।”
আরও পড়ুন: থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলা: এফআইআর না নেওয়ায় লিগ্যাল নোটিশ
তিনি সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের জান ও মাল নিশ্চিত করা। আপনারা যদি জনগণের জান-মালের নিশ্চয়তাই নিশ্চিত করতে না পারেন, তাহলে রাষ্ট্র পরিচালনায় আপনাদের ব্যর্থতা পর্যালোচিত হবে।”
জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক বলেন, “দেশের একজন কাস্টমস অফিসারকে হত্যা করা হয়েছে। সরকারের উচিত ছিল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। কিন্তু বিচারের এখনো কোনো অগ্রগতি না হওয়ায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। সরকারকে দ্রুতই এ হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে, নাহলে সরকারকে এর দায় নিতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এবং জকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাস্টমস কর্মকর্তা ও জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল (সোমবার) এক ব্রিফিংয়ে র্যাব জানায়, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময় ওত পেতে থাকা গ্রেপ্তার ব্যক্তিরা ভুক্তভোগীকে টার্গেট করে। পরে অটোরিকশায় তুলে তাঁকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।





