ঢাবিতে ডায়াবেটিক অ্যাম্পুটেশন প্রতিরোধে ‘ফুট প্রেসার স্ক্যান’ কর্মশালা অনুষ্ঠিত

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডায়াবেটিসজনিত কারণে পা বা আঙুল কেটে ফেলার (অ্যাম্পুটেশন) ঝুঁকি কমাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে ‘ফুট প্রেসার স্ক্যান টু প্রিভেন্ট ডায়াবেটিক অ্যাম্পুটেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এবং Bybit Limited-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম তালহা নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন বাইবিটের সভাপতি অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী।

আরও পড়ুন: বাকৃবিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বৈত ডিগ্রি নীতিমালা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্মশালায় ‘ডায়াবেটিক অ্যাম্পুটেশন’ প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন BARDEM General Hospital-এর ডা. রাশেদুল ইসলাম এবং Centre for the Rehabilitation of the Paralysed-এর ডা. এস এম ইমরান শোয়েব। দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসাকর্মী এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, “ডায়নামিক পেডোগ্রাফ যন্ত্রের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর প্রসারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”

আরও পড়ুন: শুধু উচ্চশিক্ষা নয়, ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে জানানো হয়, ডায়াবেটিসজনিত কারণে রোগীর পা বা আঙুল কেটে ফেলার ঝুঁকি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ২০১০ সালে স্বল্প খরচে একটি আধুনিক ‘কম্পিউটারাইজড ডায়নামিক পেডোগ্রাফ’ যন্ত্র উদ্ভাবন করে। এই প্রযুক্তিসহ বিভাগের উদ্ভাবিত অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক যন্ত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠা করা হয় বাইবিট লিমিটেড।

এ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে মোট ১৩টি ‘কম্পিউটারাইজড ডায়নামিক পেডোগ্রাফ’ যন্ত্র স্থাপন করা হয়েছে, যা ডায়াবেটিসজনিত জটিলতা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার নতুন সম্ভাবনা তৈরি করেছে।