টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশ সেরা জাবি
টাইমস হায়ার এডুকেশনের (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত THE World University Rankings 2027-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে জাবিসহ চারটি বিশ্ববিদ্যালয় ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে।
আরও পড়ুন: জাবির নতুন প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম
এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, THE র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের প্রতিবাদে ডাকসু নেতাদের বিক্ষোভ
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণায় প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
THE-এর ২০২৭ সালের র্যাংকিংয়ে বিশ্বব্যাপী ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নে টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক—এই পাঁচটি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে।





