হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’, নামফলক পরিবর্তনের কাজ শুরু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নামফলক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে আগের নাম পুনর্বহালের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক অপসারণের কাজ শুরু হয়।

হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরানোর একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, হলটির নাম পরিবর্তনের কারণে অনেকেই বিভ্রান্ত হচ্ছিলেন এবং আগের নামফলক সরিয়ে ফেলা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল নোমান বলেন, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে। তবে নামফলক পরিবর্তনের বিষয়ে হল প্রশাসনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা কারণ সম্পর্কে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি হল অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পরামর্শ দেন।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। এবার সেই নাম সরিয়ে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামটি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাতীয় মৎস্য পক্ষ: ঢাবির কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত