ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, গাড়ি ভাঙচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বরসংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী রিকশায় করে যাচ্ছিলেন। অন্য কয়েকজন গেটের সামনে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁদের ধাক্কা দিলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে দুজনের পায়ে কেটে রক্তক্ষরণ হয়েছে। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: চুয়েটে ২১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, অসুস্থ দুজন
দুর্ঘটনায় জড়িত গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মো. শহিদুল ইসলামের বলে জানা গেছে। ঘটনার সময় তাঁর ছেলে সাদমান গাড়িটি চালাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, প্রাইভেট কারটি একটি রিকশায় জোরে ধাক্কা দিয়েছে। এতে রিকশায় থাকা শিক্ষার্থীরা ছিটকে পড়ে আহত হন।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন প্রাং বলেন, দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী রিকশা থেকে পড়ে গেছেন বলে তিনি খবর পেয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
গাড়ি ভাঙচুর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার বিষয়ে প্রক্টর বলেন, দুর্ঘটনা ঘটতে পারে। তবে গাড়িচালক যে-ই হোন না কেন, তাঁকে মারধর করে হত্যার উপক্রম করা ঠিক নয়। এ ধরনের পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের জন্য সমস্যা তৈরি করে।





