চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য
শিক্ষার্থীদের টানা ২১ দিনের আন্দোলনের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসে গিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন।
আরও পড়ুন: খেলাধুলা-শিক্ষায় দেশসেরার স্বপ্ন বুনছে সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজ
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর সাবেক উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি পালন করেন। ফলে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা মিছিল, মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, ‘৫৬ কেন’ কর্মসূচি, শ্বেত শাড়ির গণসাক্ষ্য, মুখোশ মিছিল, মানববন্ধন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা ২১ সেপ্টেম্বর থেকে আন্দোলন চালিয়ে আসছেন। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম।





