তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব আখতার আহমেদ
তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যদি আইন লঙ্ঘন করে, তাহলে বিধি অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) এর সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের প্রত্যাশা প্রকাশ করেন। “আমরা প্রাসঙ্গিক সব বিষয় নিশ্চিত করব, তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি”— যোগ করেন তিনি।
আরও পড়ুন: এনআইডিতে ‘অ্যাডভোকেট’ যুক্তির আবেদন নাকচ: আটকে গেল হুইপ দুলুর নাম সংশোধন
পোস্টাল ব্যালট বিষয়ে তিনি জানান, সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে; অ্যাপল ভার্সন পরে যুক্ত হবে। তফসিল ঘোষণার পর নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর, আর আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন হবে ২১–২৫ ডিসেম্বর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচিব বলেন, ৩০০ আসনেরই তফসিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা সংশোধন আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা, মনিরা শারমিনের প্রার্থীতা ঘিরে আটকে আছে গেজেট
আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। তফসিলে ভোটের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমা, আচরণবিধির দিকনির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকবে।
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।





