চলছে ভোট গণনা: কে এগিয়ে, কে পিছিয়ে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রক্তস্নাত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর অবশেষে ভোটের মাঠে প্রবেশ করেছে বাংলাদেশ। ভোটাধিকার বঞ্চিত কোটি মানুষের দীর্ঘ প্রতীক্ষা শেষে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোট।

আগামীর বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করছে গোটা জাতি তাদের ভোটের মাধ্যমে। ভোটের মাঠে সব খবর, ফলাফল এবং প্রতিদ্বন্দ্বিতার আপডেট সরাসরি অনুসরণ করা হচ্ছে। নির্বাচনের প্রতিটি কেন্দ্র থেকে আসা ফলাফলের মাধ্যমে পরিষ্কার হচ্ছে, কোন প্রার্থী এগিয়ে আছেন এবং কারা পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, দুপুর ২টা পর্যন্ত ভোট ৪৭.৯১% — শুরু হচ্ছে গণনা

নির্বাচন ও গণভোটের এই মুহূর্তটি দেশের জন্য নতুন সম্ভাবনা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রেকর্ড হবে।

ঢাকা-১৭ আসনে দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ১ হাজার ৭৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৪৫৭ ভোট।

আরও পড়ুন: ১২টা পর্যন্ত ৩২,৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

ঢাকা-৯ আসনের ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবীব বিজয়ী হয়েছেন। কেন্দ্রটির ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ২৬১ ভোট। আর ফুটবল প্রতীকের তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট।

বগুড়া-৬ আসনে এগিয়ে বিএনপির তারেক রহমান।

ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ তিন কেন্দ্রে ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট।

ঢাকা-১৩ আসনে এগিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ঢাকা-১৪ আসনে এগিয়ে জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিনকাসেম, ঢাকা-১৫ আসনে এগিয়ে জামায়াতে ইসলামীর মো. শফিকুর রহমান।